ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ হয়েছে ড্র। এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় দুই দল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সংবাদ সম্মেলনে টম ল্যাথাম। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। নিয়েছিল ৩৫২ রানের বিশাল লিড। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে নিউজিল্যান্ড। এরপরই টেস্টের পঞ্চম দিনের সমাপ্তি, ম্যাচ শেষ হয়েছে ড্র’তে।
ম্যাচজুড়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন দুই দলের ব্যাটাররা। তবে এত এত রানের মাঝেও একজনের ব্যাটে ছিল রানের খরা। দুই ইনিংস ব্যাট করেও এক রানও করতে পারেননি তিনি, এই ব্যাটারের নাম টম ল্যাথাম, নিউজিল্যান্ডের অধিনায়ক। প্রথম টেস্টে দুই ইনিংসেই ডাক মেরেছেন তিনি।
পরের ম্যাচের আগেও অবশ্য নিজের সিম্পল প্ল্যানই ধরে রাখার ব্যাপারে জোর দিলেন ল্যাথাম। জানিয়ে দিয়েছেন, হাতে কোনো ‘ম্যাজিক সমাধান’ নেই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ল্যাথাম জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে ইনিংস ওপেন করা সব সময়ই বেশ চ্যালেঞ্জিং কাজ। আমরা জানি, ক্রিকেট খেলাটাই এমন যে, যত ভালো প্রস্তুতিই নেই না কেন, সবকিছু ঠিকঠাক করলেও মাঠে নামার পর ফলাফল যে আমাদের পক্ষেই আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। আগের ম্যাচের জন্য যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এবারও তেমনই নিয়েছি। আমার কাছে মূল বিষয় হলো, যতটা সম্ভব বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখা।’
টম ল্যাথাম আরও জানিয়েছেন, ‘বারবারই বলেছি, দলের জন্য নিজের দায়িত্বটা যথাসম্ভব ভালোভাবে পালন করতে চাই এবং যতটা সম্ভব দলের জন্য অবদান রাখতে চাই। ব্যাটিংয়ের দিক থেকে তা যেভাবেই হোক, পাশাপাশি অধিনায়ক হিসেবেও। ব্যাটিং শেষ করলেই আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। তাই কীভাবে কাজ করতে চাই, সে বিষয়ে নিজের ভাবনা পরিষ্কার রাখার চেষ্টা করি। দীর্ঘদিন ধরে যেভাবে করে আসছি, এই সপ্তাহেও তা চালিয়ে যাওয়ার দারুণ আছে সুযোগ সামনে। যত বেশি খেলবেন, একজন খেলোয়াড় হিসেবে নিজের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তা তত ভালো বুঝতে পারবেন। কখনও কখনও কঠিন বিষয় হলো, প্রত্যাশা অনুযায়ী ফল না এলে ভিন্ন কিছু করার চেষ্টা এবং চারপাশের নানা বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখা। তবে আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। টেকনিক্যাল দিক থেকেও বিষয়গুলোকে আমি সহজ রাখার চেষ্টা করি।’
ল্যাথাম বলে যান, ‘এই ভাবনার বাইরে গিয়ে রান করার কোনো ম্যাজিক সমাধান খোঁজার প্রলোভনও তৈরি হতে পারে। কিন্তু আমাদের এই খেলার মধ্যে কোনো ম্যাজিক সমাধান নেই। যতটা সম্ভব বর্তমান মুহূর্তে মনোযোগী ও সচেতন থাকাই মূল বিষয়। শুনতে কিছুটা গতানুগতিক মনে হতে পারে। তবে অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা বললে বুঝবেন, তারা যখন বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখতে পারে, তখনই দলের জন্য নিজেদের দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালনের সুযোগ পায়। আগামী ম্যাচেও আমার ভাবনায় কোনো পরিবর্তন আসবে না।’
ফর্মের তুঙ্গে থাকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে নিয়ে অধিনায়ক ল্যাথাম বলেছেন, ‘সাম্প্রতিক দুটি টেস্টসহ দীর্ঘ সময় ধরে আমাদের হয়ে গ্লেন যা করে আসছে, তা হলো নিজের ভূমিকা বুঝে ক্রমাগত উন্নতি করে যাওয়া। বোলিংয়ের দিক থেকেও তার অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। বিশেষ করে দলের ভারসাম্য রক্ষায়। তার খেলার ধরনে বৈচিত্র্য রয়েছে। প্রথম ইনিংসে যেমন কিছুটা চাপ সামলে ব্যাটিং করেছে, তেমনি সাদা বলের ক্রিকেটে তার সামর্থ্যও আমরা দেখেছি। মুহূর্তের মধ্যে নিজের খেলার ধরন বদলে দিতে পারে সে। আবার বেসিন রিজার্ভে যেমন প্রতিটি বল ঠেকিয়ে দেওয়ার মানসিকতা দেখিয়েছে। এমন একজন খেলোয়াড় দলে থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে, তা বুঝতে পারে।’
এছাড়া পেসার কাইল জেমিসনের ওয়ার্কলোড ম্যানেজ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘গত ১৮ মাসে মাঠে ফেরার পর থেকে কেজে (কাইল জেমিসন) অনেক উন্নতি করেছে। নিজের শারীরিক অবস্থা কেমন, কীভাবে এগোচ্ছে এবং কোন বিষয়গুলো তার জন্য গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দিয়েছে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে কাজের চাপের বিষয়টি বিবেচনায় রেখে। ইংল্যান্ডে সে টানা দুটি টেস্ট খেলেছিল (জুনে)। প্রথম টেস্টে মাত্র এক ইনিংসে বোলিং করেছিল। কাজের চাপ খুব বেশি ছিল না, আবার ছিলও। তবে সম্ভাব্য সর্বোচ্চ চাপের তুলনায় সেই চাপ কিছুটা কম ছিল।’
ল্যাথাম জানিয়েছেন, ‘সব পেসারের ক্ষেত্রেই আমরা তাদের শারীরিক অবস্থা ও কাজের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করি। এমন পরিস্থিতিতে তাদের ফেলতে চাই না, যেখানে চোটে পড়ার ঝুঁকি তৈরি হয়। তবে সামনে আমাদের অনেক টেস্ট ম্যাচ রয়েছে। কারও বিশ্রামের প্রয়োজন হলে তাকে বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। জেমিসনের ক্ষেত্রেও একইভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
অধিনায়কের মতে, ‘ইংল্যান্ড সফরের দিকে তাকালে দেখা যাবে, সেই ম্যাচই ২০২৪ সালের ফেব্রুয়ারির পর তার প্রথম লাল বলের ম্যাচ। সেখান থেকে টানা দুটি টেস্ট খেলতে পারাটা আমাদের জন্য যেমন বড় প্রাপ্তি ছিল, তার জন্যও তেমনই। সে সঠিক দিকেই এগোচ্ছে। তবে এমন কোনো কঠোর নিয়ম নেই যে সে শুধু টানা দুটি ম্যাচই খেলতে পারবে। আমাদের মূল লক্ষ্য তাকে এবং দলের সব বোলারকে যথাসম্ভব ভালোভাবে সামলানো। এই মুহূর্তে দ্বিতীয় টেস্টই আমাদের প্রধান মনোযোগের জায়গা। তবে সামনে আরও টেস্ট রয়েছে, যেগুলোও এই ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ।’
২৭ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট, খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।