*কীভাবে দেখছেন এই সিরিজকে
অন্য যেকোনো সিরিজের মতো করেই দেখছি। আমরা অবশ্যই জানি বাংলাদেশ সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমরাও এই বছরে ভালো ক্রিকেট খেলেছি। টেস্ট চ্যাম্পিয়নশিপে যখন এবার শুরু করি, আমরা বাস্তববাদী হয়ে চিন্তা করেছিলাম। সামনের দুই ম্যাচ ভালো করে এবারের চক্রটা ভালোভাবে শেষ করার সুযোগ আমাদের সামনে। প্রতিপক্ষকে সম্মান করেই সিরিজে মাঠে নামব। আমাদের নিজেদের প্ল্যান থাকবে। আশা করছি মাঠে নেমে নিজেদের কাজটা মাঠে করে দেখাতে পারব।
*বাড়তি চাপ থাকবে কিনা, শাই হোপ নেই
জীবনে সবসময়ই চাপ থাকবে। কীভাবে ব্যাপারটা সামলাচ্ছেন, এটাই বেশি জরুরি। আমার মনে হয় বাংলাদেশ এমন একটি দেশ, যা সবাই ভালোবাসে। কেবল আমি নই, পুরো দলই। ওয়েস্ট ইন্ডিয়ানদের অনেকের জন্যই দ্বিতীয় পছন্দের দল। আমার সেরা কিছু টি-টোয়েন্টি ম্যাচ এখানে হয়েছে, বাংলাদেশে হয়েছে। দারুণ কিছু সিরিজও খেলেছি তাদের সাথে। দুই দল যেভাবে খেলছে, ভালো লড়াই হবে আশা করছি। যাদের হাতে মোমেন্টাম থাকবে তারাই জিতবে। আমরাও এটাই করতে চাই।
*দলের পারফরম্যান্স, পারিশ্রমিক কমছে তাদের
ভারত সিরিজের দিকে যদি দেখেন, (পারিশ্রমিক কমানোর) খবর পাওয়ার পর তারা সেখানে যেভাবে খেলেছে, এগুলোই প্রমাণ করে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য তাদের কেমন আগ্রহ রয়েছে। বাস্তবতা মেনে নিতেই হবে। তবে বোর্ড হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে, আমরা কোথায় আছি, ব্যাপারটা সবারই জানি। আমি ছেলেদের বলেছি, টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি এবার সেরা পাঁচে থাকতে পারি, বাড়তি ইনটেনসিভ থাকবে। আইসিসি এখানে অনেক অর্থ বিনিয়োগ করেছে। আমরা আট থেকে এসে যদি পঞ্চম হতে পারি, (ব্যাপারটা ভালো হবে)। ড্রেসিংরুমে এসব আলাপ হচ্ছে। আমি ছেলেদেরকে বলছি, মাঠে নিজেদেরকে ভালোভাবে তুলে ধরা। পারফরম্যান্স দেখানো, আমরা জানি সাদা বলে ভারতে আমরা দুর্দান্ত করেছি। আশা করি এখানে বাংলাদেশে লাল বলেও ভালো কিছু করে দেখাতে পারব।
*লাল বলের ক্রিকেটে প্রত্যাশা
প্রত্যাশা সবসময়ই থাকবে। এই বছর লাল বলে যেভাবে খেলেছি আমরা, একটি সিরিজও এখনও হারিনি। দীর্ঘদিন কোনো বছরে এভাবে সিরিজ না হেরে থাকতে পারলাম। এই সিরিজটি এবারের চক্রে আমাদের শেষ সিরিজ। বার্তা দিয়েছি, সবাই নিজেদের উজাড় করে দাও। ১০ দিন আছে আর। মাঠে নেমে নিজেদের উজাড়া করে দিতে হবে। পারফরম্যান্স করতে হবে।
শাই হোপ কী করতে পারে, আমরা জানি। সে সব ফরম্যাটে দারুণ ছন্দে আছে। তবে গ্রিভস, জাঙ্গু, ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, শামার জোসেফ, ওয়ারিক্যান সবাইই ভালো। আমরা একজনের উপর নির্ভর করছি না। চাই যে কেউ না কেউ দায়িত্ব নিয়ে মাঠে পারফর্ম করে দেখাক, সবার দিকেই তাকিয়ে আছি আমরা।
*ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ভালো কিনা
আমি বিশ্বাস করি, জীবনে বা অন্য কোথাও, প্রস্তুতি ভালোভাবে নিতে পারলে পারফর্ম করার সুযোগ সবচেয়ে ভালো থাকে। আমি কেবল নিজের দলের উপর ফোকাস করে যেতে চাই। যেসব জায়গায় আরও উন্নতি করা যায় সেগুলো নিয়ে আলাপ করেছি। সাথে ধারাবাহিকতা চাই। নিজেদের উপর আমাদের ফোকাস বেশি। এই বছর যেভাবে করে আসছি, সেভাবেই করে যেতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।
*বাংলাদেশকে নিয়ে
বাংলাদেশ অনেক ভালো খেলেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরা পারফর্মও করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। সিরিজ নিয়ে আমি অনেক এক্সাইটিং। ৫ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুই দলই চাইবে জিততে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারে।
*ফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের জন্য
দুই দলের জন্যই বড় সিরিজ। সবাই টেস্ট ক্রিকেট জেতার জন্যই খেলে। আমাদেরও লক্ষ্য ছিল যে কোথায় গিয়ে শেষ করতে চাই। সেই লক্ষ্যে যেতে বেশ ভালো জায়গাতে আছি আমরা। সফলতা আমাদের কাছে কী, সেসব নিয়ে আমরা অনেক আলাপ করি। বাইরের কারও কাছে জিনিসটা ভিন্ন হতে পারে। তবে আমরা নিজেদের ব্যাপারটা জানি। ছোট ছোট স্টেপ নিয়ে আমরা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের লক্ষ্য জানতে হলে তাদের প্রধান কোচকে জিজ্ঞেস করতে হবে (হাসি)।
*চেন্নাইয়ে ক্যাম্প করে এসেছেন
বোর্ড ব্যাপারগুলো দেখেছে। ছেলেদেরকে প্রস্তুত হওয়ার ভালো সুযোগ দেওয়া হয়েছে। চেন্নাইয়ে দারুণ সুযোগ সুবিধা রয়েছে। ব্যাটিং কোচও ছিলেন একজন আমাদের সাথে। ডিরেক্টরকে ধন্যবাদ সেই সুযোগ দেওয়ার জন্য। ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে আপনি নিজের পারফরম্যান্সের জন্য ভালো সুযোগ দিচ্ছেন। ছেলেরা এখন ভালোভাবেই প্রস্তুত আছে। এখন কেবল প্রস্তুতিতে পারফরম্যান্সে পরিণত করতে হবে।
*অনেক গুরুত্ব সহকারে নিচ্ছেন এই সিরিজ
(হাসি) আমি হাসলেও এই সিরিজকে আমরা অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই আমাদের প্ল্যান ছিল বাংলাদেশ সিরিজ শেষে টেবিলে আমরা নিজেদেরকে এই জায়গায় দেখতে চাই। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছি। এজন্য এই সিরিজকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি।
*শামার জোসেফ
নেটে সে খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। শামারের ব্যাপারে একটি কথা বলি, সে যদি অ্যাভেইলঅ্যাবল থাকে, তাহলে ১১০% তাকে নিতে চাইব আমরা। সব রিপোর্ট দেখেই তাকে ১৫ সদস্যদের দলে নেওয়া হয়েছে। আমি এই সিরিজ নিয়ে দারুণ এক্সাইটেড। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দলের বিপক্ষে, যাদের কিনা টেস্টে ঘরের মাঠে হারানো খুবই কঠিন। ব্যাপারটা তারা প্রমাণ করে দেখিয়েছে। সাথে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রেও তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আশা করছি সবাইকে বিনোদন দিতে পারব। তবে বিনোদন দিয়েও যেন ওয়েস্ট ইন্ডিজ জয়ী দল হিসেবে আসতে পারে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।