নিউজিল্যান্ড সফরে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি এবং ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার পালা। ওয়েলিংটনে মাঠে গড়াচ্ছে প্রথম টেস্ট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতের পেস বোলিং কোচ মরনে মরকেল। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ভারত রয়েছে চতুর্থ স্থানে। ফাইনালে যেতে হলে সেরা দুইয়ে থাকতে হবে। নিউজিল্যান্ডের ফাইনাল খেলার পথ কিছুটা সহজ। ভারতেরও সুযোগ আছে, তবে পথ কঠিন। এখনও অবশ্য আশা ছাড়ছে না ভারত।
ওয়েলিংটন টেস্ট মাঠে গড়ানোর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের পেস বোলিং কোচ মরনে মরকেল। ফাইনাল খেলার সুযোগ দেখছেন মরকেলও। সাথে জানিয়েছেন, ফাইনাল খেলার জন্য কঠিন কিছু কাজ দলের জন্য করে দিতে হবে, বের হয়ে আসতে হবে ‘কমফোর্ট জোন’ থেকে।
সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ মরনে মরকেল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে বললে, মাত্র দুটি টেস্ট ম্যাচ হওয়ায় খারাপ লাগছে। আমি আরও কিছু লাল বলের ক্রিকেট খেলতে চেয়েছিলাম। তবে বাস্তবতা এরকমই। মাঝেমধ্যে আমরা (আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামতে পারি, কিন্তু তাতে সবকিছু ভুলও হতে পারে। তাই আমাদের ভাবতে হবে, একটি ক্রিকেট ম্যাচ জেতার সবচেয়ে ভালো উপায় কী? আদর্শভাবে আমরা প্রথম সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই। তবে প্রথম সেশনেই যে টেস্ট ম্যাচ জিততে হবে, এমন নয়। তাহলে কি আমরা ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারি এবং চতুর্থ কিংবা পঞ্চম দিনে এসে কেউ একজন দায়িত্ব নিয়ে অসাধারণ একটি স্পেল করতে পারে? (আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) ফাইনালে খেলতে হলে এখন নিজেদের আরও একটু বেশি উজাড় করে দিতে হবে, কমফোর্ট জোন থেকে আরও একটু বেরিয়ে আসতে হবে এবং এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে হয়তো আগে কখনও পড়তে হয়নি।’
মরকেল আরও বলেছেন, ‘তাই এমন পরিস্থিতি এলে কোনো বোলারকে যদি আরও দুই-তিন ওভার বেশি করতে হয়, আক্রমণাত্মক ভূমিকা নিতে হয় কিংবা বাতাসের বিপরীতে কঠিন পরিশ্রম করতে হয়, তাহলে তা করতে হবে। আমি শুধু আশা করি, আমরা যেন সেই বোলারকে যথাযথ স্বীকৃতি দিতে পারি, যে বাতাসের বিপরীতে কঠিন দায়িত্ব পালন করছে। বাতাসের অনুকূলে বোলিং করে যিনি হয়তো পাঁচ উইকেট নিতে পারবেন না, কিন্তু দলের জন্য কঠিন কাজটি করছেন। আমার মনে হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’
কোচ আরও জানিয়েছেন, ‘মাঝেমধ্যে আমরা উইকেটের রং, ঘাস, বাতাস কিংবা পরিসংখ্যান দেখে অতিরিক্ত ভাবতে শুরু করি। তখন ভুলে যাই, ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানকার পরিসংখ্যান দেখলে বোঝা যায়, প্রথম ও দ্বিতীয় দিনে যেসব বোলার সঠিক লেন্থে বল করতে পারেন, তারাই সফল হন। এরপর উইকেটে যখন কিছুটা অসমান অংশ তৈরি হয়, তখন সেসব বোলারদের কাজে আসে।’
এছাড়া দলের মূল পেসার জাসপ্রীত বুমরাহর কম বোলিং করা প্রসঙ্গে মরকেল বলেছেন, ‘আমি বলব না যে সে (জাসপ্রীত বুমরাহ) কম বোলিং করেছে। নেটে সে টানা দুই দিন ব্যাটারদের বিপক্ষে বোলিং করেছে। বেশ দীর্ঘ সময় ধরে স্পেল করেছে। ম্যাচের আগের দিন সাধারণত আমরা বোলারদের শারীরিক বিশ্রাম দিতে চাই, যাতে তারা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন। আমার কাছে ম্যাচের দুই দিন আগে কে কীভাবে নিজেকে প্রস্তুত করবে, সেসব তার ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে এ ক্ষেত্রে আমি কিছুটা দ্বিমত পোষণ করব। আমার মনে হয়েছে, সে নেটে অনেক ওভার বোলিং করেছে। এই টেস্ট ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে সে অনেক পরিশ্রম করেছে।’
দলের বোলিং ইউনিট নিয়ে মরকেল আরও বলেছেন, ‘গৌতম (গম্ভীর, প্রধান কোচ) কে আমার ফীডব্যাক ছিল, এই সফরে আমরা যে বোলিং আক্রমণই নিয়ে খেলি না কেন, ২০ উইকেট নেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য আমাদের আছে। আমি এটা বিশ্বাস করি। সত্যি বলতে, আমার মনে হয় আমাদের বোলিং আক্রমণে যথেষ্ট কোয়ালিটি বোলার রয়েছে।’
মরকেল আরও বলেছেন, ‘তাই আমার কাছে বিষয়টি এমন নয় যে একজন অন্যজনের চেয়ে ভালো। সত্যি বলতে, আমাদের অসাধারণ, দক্ষ এবং বৈচিত্র্যপূর্ণ একটি বোলিং আক্রমণ রয়েছে। প্রত্যেকেই আলাদা কিছু যোগ করে। আমি বিশ্বাস করি, সবাই মাঠে নামার জন্য প্রস্তুত। আমার মনে হয়, সফর শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি ছিল বাতাস এবং ওয়েলিংটনের কন্ডিশন। তবে আবারও বলছি, দুই দলকেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
মরকেলের মতে, ‘আমার মনে হয়, ছেলেরা কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে, সে সম্পর্কে ধারণা রাখে। তবে আমি বিশ্বাস করি, এখানে শক্ত মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক প্রান্ত থেকে কাউকে দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, আমাদের খেলোয়াড়দের শারীরিক ভাষায় ইতিবাচক মনোভাব থাকবে। তারা যেন বল হাতে নিতে চায় এবং দলের জন্য দায়িত্ব পালন করতে আগ্রহী থাকে।’
পেস বোলিং কোচের মতে, ‘দিন শেষে একটি টেস্ট ম্যাচ জিততে হলে পুরো দলকে একসঙ্গে লড়াই করতে হবে। আমরা সব সময়ই লোয়ার অর্ডারের ব্যাটারদের সম্মান করি এবং তাদের নিয়ে অনেক কাজ করি। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারের দিকে তাকালেও দেখা যাবে, তাদের প্রত্যেকেরই ছোট ছোট জুটি গড়ার সামর্থ্য রয়েছে। আমার মনে হয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বিষয়টি বোঝা এবং স্বীকার করা। একই সঙ্গে টপ অর্ডারের উইকেট পেতে যে কাজগুলো আমাদের সাহায্য করেছে, সেগুলোও চালিয়ে যেতে হবে। তবু যেকোনো উইকেটেই ভালো বল মানে ভালো বলই। আমার মনে হয়, লোয়ার অর্ডারকে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে দুই প্রান্ত থেকেই আমরা মাঝেমধ্যে সঠিক জায়গায় বল করতে কিছুটা ব্যর্থ হয়েছি।’
সংবাদ সম্মেলনে ভারতের পেস বোলিং কোচ মরনে মরকেল। এছাড়া পয়েন্ট তোলার সাথে পয়েন্ট না হারানোর দিকেও জোর দিয়েছেন মরনে মরকেল। তিনি বলেছেন, ‘স্লো ওভার রেটের কারণে কোনো পয়েন্ট হারানোর সুযোগ আমাদের নেই বলে মনে করি। এ জন্য বোলার ও পুরো দলকে দায়িত্ব নিতে হবে। দ্রুত বোলিং মার্কে ফিরে আসা হোক কিংবা জরিমানা এড়াতে যা যা করা প্রয়োজন, সবকিছুই করতে হবে। আমার মনে হয়, এই বিষয়টি বোলার, অধিনায়ক এবং পুরো ফিল্ডিং ইউনিটের দায়িত্ব। আশা করি, এই টেস্টে অন্তত একটি বিষয় আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারব এবং এ ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারব।’
পেস বোলিং কোচ জানান, ‘আমার মনে হয়, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর পর টেস্ট দল হিসেবে আমরা নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তবে কিছু ফলাফল আমাদের পক্ষে আসেনি এবং যেভাবে আমরা খেলেছি, তা নিয়ে এই ড্রেসিংরুমে অনেক আক্ষেপ ও হতাশা রয়েছে। দল হিসেবে আমরা জানি, আমাদের সামর্থ্য এর চেয়ে বেশি। তাই এই দুটি টেস্টকে সামনে রেখে আমাদের আলোচনা ও কথাবার্তা দারুণ হয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি যেমন, তেমনই। আগামী ১০, ১২ কিংবা ১৩ দিন ভালো ক্রিকেট খেলার জন্য আমাদের মধ্যে প্রবল তাড়না রয়েছে।’
১৯ নভেম্বর ওয়েলিংটনে মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে খেলা।